আগামী ৫ বছরে ৫ লাখ তরুণের নতুন কর্মস্থান সৃষ্টি হবে ই-কমার্সে : পলক
আসন্ন ঈদ উল আজহাকে সামনে রেখে আন্তঃগ্রাম,আন্তঃ উপজেলা, আন্তঃজেলার পাশাপাশি ঢাকাতে কোরবানির পশুগুলোকে ডিজিটাল প্লাটফর্মে তুলে ধরে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে `নিরাপদ সেতুবন্ধন`' গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
শনিবার ‘দেশী গরু’র ডিজিটাল হাটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানিয়েছেন প্রতিমন্ত্রী।
ই-কমার্স এখন দৈনন্দিন প্রয়োজনের পর্যায়ে পড়েছে জানিয়ে জুনাইদ আহমেদ পলক বলেছেন, পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে জীবন ও জীবিকাকে রক্ষা করে মানিয়ে নেয়ার জন্য ই-ক্যাব ১২শ’সদস্যকে সহায়তা করছে। আইসিটি বিভাগ ই-ক্যাবের পাশে থেকে উদ্যোক্তাদের সহযোগিতার পাশাপাশি নতুন নতুন উদ্যোক্তা তৈরির চেষ্টা করছে।
প্রশিক্ষণ ও প্রযুক্তির মাধ্যমে ই-কমার্স খাত প্রবৃদ্ধি অর্জন করবে মন্তব্য করে তিনি বলেন, উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরামের (উই) এর ৪ লাখ নারী উদ্যোক্তাদের আগামী সপ্তাহে প্রশিক্ষণ দেয়া হবে।
তিনি আরো বলেন, পুরো পৃথিবীর ট্রেন্ড হচ্ছে কাস্টমাইজেশন এবং পার্সোনালাইজেশন। নিরাপত্তার কারণে ডিজিটাল প্লাটফর্মের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে। এ কারণে ডিজিটাল হাট কোরবানির পশু ক্রেতা বিক্রেতাদের মধ্যে নিরাপদ সেতুবন্ধন গড়ে তুলবে। আমি মনে করি, যেভাবে ই-কমার্সের প্রসার হচ্ছে আগামী পাঁচ বছরে আরও বেশি প্রসারিত হবে। এ খাতে আরও নতুন পাঁচ লাখ কর্মসংস্থানের সৃষ্টি হবে।
ই-ক্যাব প্রেসিডেন্ট শমী কায়সার, এমসিসি সিইও আশরাফ আবির, বাংলাদেশ কমিউনিকেশন্স স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিসিএসসিএল) বোর্ড চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, দেশী গরুর প্রতিষ্ঠাতা টিটো রহমান প্রমুখ সংযুক্ত ছিলেন।